কিশোরগঞ্জ

পুলিশের পোশাকে চাঁদা: কটিয়াদী হাইওয়ে থানার সেই পরিদর্শক প্রত্যাহার

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পুলিশের পোশাক ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জের কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক মো. মারগুব তৌহিদকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।

একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাইওয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ বলেন, “প্রাথমিকভাবে তাকে ক্লোজড করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে ‘পুলিশের পোশাকে চাঁদা তোলেন ভাগিনা নাঈম’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশের পরিচয় ব্যবহার করে কিশোরগঞ্জ–ভৈরব মহাসড়কে টোকেনের মাধ্যমে মাসিক চাঁদা আদায় করা হচ্ছিল। নির্দিষ্ট প্রতীকযুক্ত টোকেন সংগ্রহ করলে পুরো মাস সড়কে চলাচলে কোনো ঝামেলা হতো না।

অন্যদিকে টোকেন না থাকলে কাগজপত্র ঠিক থাকলেও মামলা, রিকুইজিশনসহ নানা ধরনের হয়রানির অভিযোগ ওঠে।

প্রতিবেদনে আরও বলা হয়, কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক মো. মারগুব তৌহিদের ভাগনে নাঈম হাসান পুলিশের পোশাক পরে চেকপোস্টে দায়িত্ব পালন করতেন। সড়কে তিনি ‘ভাগিনা নাঈম’ নামে পরিচিত ছিলেন। তার নির্দেশ অমান্য করলে চালকদের মারধর ও হয়রানির শিকার হতে হতো বলে অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ