চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ১৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃচাঁপাইনবাবগঞ্জে যাকাতের অর্থায়নে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স ফারুক এন্ড সন্স। পবিত্র রমজানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে দেড় হাজার পরিবারের হাতে চাল ও আলু তুলে দেওয়া হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেসামিয়া মাদ্রাসার পার্শ্বে প্রতিষ্ঠানটির গোডাউনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যাকাত তহবিল থেকে নির্বাচিত অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স ফারুক এন্ড সন্সের স্বত্বাধিকারী মোঃ ফারুক আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহা সিমেন্ট রাজশাহী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আল মারুফ। বিশেষ অতিথি ছিলেন জোড়গাছি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল মতিন এবং নবাবগঞ্জ কামিল মাদ্রাসা-এর মুফাসসির।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নাহার আলী, মোঃ মতালেব আলী, মোঃ নাজির আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা যায়, মোট ১,৫০০ পরিবারের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে চাল এবং ৫ কেজি করে আলু বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে পূর্ব নির্ধারিত তালিকার ভিত্তিতে উপকারভোগীদের মাঝে সামগ্রী হস্তান্তর করা হয়।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ ফারুক আলী বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতি বছরই আমরা যাকাতের অর্থ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী রোজিনা খাতুন। তিনি বলেন, “প্রতেক বছর আমরা এই সাহায্য পেয়ে থাকি। এতে আমাদের অনেক উপকার হয়।”

স্থানীয়দের মতে, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করে। বিশেষ করে রমজানকে সামনে রেখে এমন সহায়তা নিম্নআয়ের পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে।

এই বিভাগের আরও সংবাদ