মানিকগঞ্জ

মানিকগঞ্জের হরগজে ব্যতিক্রমী উদ্যোগ, তাবু টানিয়ে নির্মিত হল মসজিদ

মোহাম্মদ জহিরুল ইসলাম ,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের দক্ষিণ পাড়া (হুনা পাড়া) এলাকায় গ্রামবাসীর উদ্যোগে তাবু টানিয়ে নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী মসজিদ।

নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্থায়ী মসজিদের প্রয়োজনীয়তা থাকলেও অর্থসংকটের কারণে তা নির্মাণ সম্ভব হয়নি। ফলে মুসল্লিদের নামাজ আদায়ে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে জুমা ও রমজান মাসে জামাতে নামাজ আদায়ে পর্যাপ্ত জায়গার অভাব ছিল।

এ অবস্থায় গ্রামের কিছু যুবক ও প্রবীণ ব্যক্তি একত্রিত হয়ে তাবু টানিয়ে একটি অস্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। বাঁশ, ত্রিপল ও কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদটি। ভেতরে কয়েকটি জায়নামাজ, পাটি ও কার্পেট বিছিয়ে নামাজের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি আপাতত সাময়িক সমাধান। ভবিষ্যতে স্থায়ী মসজিদ নির্মাণের জন্য জমি ও অর্থ সংগ্রহের চেষ্টা চলছে। তারা সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন।

গ্রামবাসীর এমন উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে ধর্মীয় চেতনা ও সামাজিক ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

এই বিভাগের আরও সংবাদ