কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, জামাই-শাশুড়ীসহ ৫জন নিহত


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোর নামে একটি তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজির চালক ও চারজন যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপালে নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন মহিলা ও দুইজন পুরুষ রয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের মালেক এর ছেলে আশরাফুল ইসলাম ও তারই স্ত্রী শিরিন খাতুন।
এছাড়া মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুনসহ তাদের জামাই সিএনজি চালক চকরাজাপুর বাঘা রাজশাহী এলাকার পান্না স্বর্ণকারের ছেলে জাকারিয়া।
নিহত আশরাফুলের পিতা মালেক উদ্দিন জানান,‘ নিহত আমেনা ও কমেলা বাঘায় জামাই জাকারিয়ার বাড়িতে বেড়াতে যায়। আশরাফুল তার স্ত্রী শিরিনকে নিয়ে একই এলাকায় বেড়াতে যায়। আজ তারা জাকারিয়ার সিএনজিতে করে ফিরছিল। নিহতরা সবাই একে অপরের আত্মীয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজির যাত্রীরা বাঘা থেকে বটতৈল এলাকার থেকে যাচ্ছিল। একটি ট্রাকের পেছনে থাকা সিএনজি অভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা
একটি গ্যাস সিলিন্ডার বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু ওবায়েদ জানান, ঘটনাস্থলে তিনজনের এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



