প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে জবি সাদা দলের অভিনন্দন


রাফীদ আদ দ্বীন রাঈম,জবি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বিবৃতিতে এ অভিনন্দন জানান সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তফা হাসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন।
বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল।
সাদা দলের নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করায় জবি সাদা দলের পক্ষ থেকে অভিনন্দন।”
তারা আরও বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। নবগঠিত মন্ত্রিসভার প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের প্রতি উষ্ণ অভিনন্দন জানানো হচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নবগঠিত সরকার বাংলাদেশের মানুষের কল্যাণে নতুন ইতিহাস সৃষ্টি করবে। দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সরকার আন্তরিক ভূমিকা রাখবে এবং তাদের নেতৃত্বে নতুন জাতীয় ঐক্য গড়ে উঠবে।
এছাড়া নেতারা আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর মাতার হাতে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়ন তাঁর হাতেই আরও এগিয়ে যাবে।



