কুষ্টিয়া

দলীয় শৃঙ্খলা ভঙ্গে কুষ্টিয়ায় দুই নেতার পদ স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচনে পরাজয়ের পর বিএনপির অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই নেতার পদ স্থগিত করা হয়েছে ।

ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবসের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত: শুক্রবার ১৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদল নেতা সাগির কুরাইশসহ তাদের সমর্থকরা এবং জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম ও কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্টেশনের প্ল্যাটফর্মের একটি চায়ের দোকানের কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির পরামর্শক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল।

দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহরিয়া ইমন রুবেল। তিনি জানান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ও শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস এর পদ স্থগিত করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ