কুষ্টিয়ার চারটি আসনে ভোট কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার চারটি আসনের ৫৯৯ টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালেট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ সরঞ্জামাদি।
বুধবার (১১ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার সকল উপজেলা পরিষদ থেকে নির্বাচনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি পাঠানো হয়।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, জেলার ৬টি উপজেলা ৭টি থানার ৬৬টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় ৫৯৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। জেলায় মোট ভোটার ১৭ লাখ ৪৭ হাজার ৫২১ জন। জেলার চারটি আসনে বিএনপি, জামায়াতে ও ইসলামী আন্দোলন সহ মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। সেনাবাহিনী,বিজিবি, পুলিশ, র্্যাব ও আনসার ভিডিপি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন। তিনি বলেন, ১২ তারিখ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনী ততপর রয়েছে। নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে কুষ্টিয়ার চারটি আসনের ভোট কেন্দ্রগুলো। এই নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা কোন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



