পূর্বাচলে বিএনপি প্রার্থী দিপুর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা


লিখন রাজঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করা হয়েছে। পূর্বাচল নতুন শহরের ১১ নম্বর সেক্টর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। তারা ভোটারদের কাছে বিএনপির রাজনৈতিক অবস্থান, নির্বাচনী বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ক্ষুণ্ন হয়েছে। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে আন্দোলনের পাশাপাশি নির্বাচনী মাঠেও সক্রিয় রয়েছে। তারা দাবি করেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পক্ষে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থী।
গণসংযোগ চলাকালে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে নেতাকর্মীদের সরাসরি মতবিনিময় হয়। অনেক ভোটার তাদের নানা সমস্যা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। নেতাকর্মীরা এসব বিষয় গুরুত্বসহকারে শোনেন এবং নির্বাচিত হলে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।
নেতাকর্মীদের ভাষ্য, পূর্বাচলসহ রূপগঞ্জ এলাকার মানুষ বিএনপির আন্দোলন ও কর্মসূচির প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছে।
গণসংযোগের মাধ্যমে জনসমর্থন দিন দিন বাড়ছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণভাবে পুরো কর্মসূচি সম্পন্ন করেন।



