সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১ ফেব্রুয়ারি রবিবার বিকালে খুলনা পাবলিক কলেজে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মোখতার আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

প্রশিক্ষণ কর্মসূচিতে কমিশনার তাঁর বক্তব্যে বলেন, অতীতের ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ পুলিশ এখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরো বলেন বর্তমান পুলিশ বাহিনী জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আশ্বস্ত করে বলেন, প্রিজাইডিং অফিসারগণ নির্বাচনের দিন নিজ নিজ কেন্দ্রের প্রধান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পুলিশ সর্বক্ষণিকভাবে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে।
নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আনসার ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবে, পুলিশ সদস্যদের শরীরে Body-Worn Camera ব্যবহার করা হবে, যা সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সংযুক্ত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে ৫ মিনিটের মধ্যে কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।
এসময় খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ.স.ম. জামশেদ খোন্দকার; খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আব্বাস, পিএসসি, জেলা নির্বাচন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব ফয়সল কাদের ও প্রিজাইডিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।



