ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগের প্রতিটি প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে শেষ বিকল্প হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পথ বেছে নিয়ে ভুল করেছেন।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা একটি ভিডিওতে ব্লিঙ্কেনকে এ মন্তব্য করতে দেখা গেছে। একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ট্রাম্প যে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তা ভুল ছিল বলে তিনি মনে করেন।
ব্লিঙ্কেন বলেন, আগের প্রতিটি মার্কিন প্রশাসনই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছিল যে, সামরিক অভিযান হবে একেবারে শেষ বিকল্প। কারণ, এমন অভিযান চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হলেও তা স্থায়ীভাবে বন্ধ করা যেত না।
তিনি আরও বলেন, ‘এ ধরনের হামলায় ইরানের কর্মসূচি হয়তো কিছুটা পিছিয়ে দেওয়া যেত। কিন্তু বড়জোর কয়েক বছরের জন্য। এরপর কর্মসূচিটি আরও গভীরে মাটির নিচে সরিয়ে নেওয়া হতো এবং তারা আরও বড় পরিসরে কাজ শুরু করত।’
ব্লিঙ্কেনের মতে, সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব হতো না। বরং এতে কর্মসূচিটি আরও গোপন ও সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতো।
তথ্যসূত্র: দ্য ডন





