খুলনা

জুলাই আন্দোলনের দায়মুক্তিতে খুলনার ছয় মামলা প্রত্যাহারের পথে

খুলনা ব্যুরো : জুলাইয়ের গণ-অভ্যুত্থান সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের করা খুলনার তিনটি থানার ছয়টি মামলা প্রত্যাহার ও দায়মুক্তির অধ্যাদেশের আওতায় এসেছে। এসব মামলার মধ্যে রয়েছে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী হত্যাকাণ্ড, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র, জেলা পরিষদ ও খুলনা প্রেসক্লাবে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা।

স্বৈরশাসনের অবসান ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় সংঘটিত এসব ঘটনায় অংশগ্রহণকারীদের ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে অধ্যাদেশে। এতে বলা হয়, ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত ঘটনাসংশ্লিষ্ট মামলাগুলো প্রত্যাহার করা হবে।

জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। একপর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে খুলনার শিববাড়ি, জিরো পয়েন্ট, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা, গল্লামারী ও সাচিবুনিয়া আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আন্দোলন দমাতে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, র‍্যাব, নৌবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়। তবে ৪ আগস্টের পর এসব বাহিনী পিছু হটে। এরপর ছাত্র-জনতা শিববাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় উল্লাসে অংশ নেয়।

এই সময় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র, জেলা পরিষদ, খুলনা প্রেসক্লাব, আওয়ামী লীগ কার্যালয় ও শেখবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান মহসিন রেজাকে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটে।

উল্লেখযোগ্য মামলাগুলোর একটি দায়ের হয় ২ আগস্ট। সান্ধ্য আইন শিথিলের পর কেএমপি সহকারী কমিশনারের দেহরক্ষী, ৩৩ বছর বয়সী পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী নিহত হন। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার কিসমত মালিপাটন গ্রামের সুশীল কুমার ঘরামীর ছেলে।

এ ঘটনায় হরিণটানা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা সাকলাইন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হামলা, পুলিশ সদস্য হত্যা ও স্থাপনায় অগ্নিসংযোগের অভিযোগে একাধিক মামলা করেন। এসব মামলায় অজ্ঞাতনামা আট হাজার ব্যক্তিকে আসামি করা হয়।

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ২৭ আগস্ট প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন। সেখানে বলা হয়, ৫ ও ৬ আগস্টের ঘটনায় প্রায় ১০০ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। জেলা পরিষদে অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় প্রধান সহকারী মো. জাহাঙ্গীর হোসেন খুলনা থানায় মামলা করেন। একইভাবে, ৫ আগস্ট খুলনা প্রেসক্লাবে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৯৫ লাখ ৮১ হাজার টাকার ক্ষতির অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার মামলা দায়ের করেন।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) তৌহিদুর রহমান চৌধুরী তুষার বলেন, গেজেট প্রকাশের পর এসব মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হবে।

পিপি তৌহিদ আরও বলেন, ব্যক্তিগত বিরোধ থেকে দায়ের করা কোনো মামলা এই জুলাই দায়মুক্তির আওতায় পড়বে না।

এই বিভাগের আরও সংবাদ