কেএমপি’র উদ্যোগে কমিশনার কাপ নারী কাবাডি প্রীতি ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ০৪.০০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে “কমিশনার কাপ নারী কাবাডি প্রীতি ম্যাচ-২০২৬”অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি ম্যাচে বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দল বনাম নড়াইল জেলা নারী কাবাডি দল অংশগ্রহণ করে।
কমিশনার কাপ নারী কাবাডি প্রীতি ম্যাচ-২০২৬ এ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ পুলিশ কাবাডি নারী দল নড়াইল জেলা নারী কাবাডি দলকে ৩২–২৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে বিজয় নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সম্পাদক জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতামূলক এই প্রীতি ম্যাচটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





