চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে তিন শতাধিক শীতার্তের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া দিনমজুর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।

মঙ্গলবার (০৬ জানুয়ারী) দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া গ্রামে তিন শতাধিক শীতার্তের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের আয়োজনে এসব শীতবস্ত্র দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন।

এসময় তিনি জানান, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক ও অস্ত্র পাচার রোধ এবং সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। এই শীতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তাদের সামান্য স্বস্তি এনে দিতে পারা আমাদের জন্য গৌরবের।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি জনগণের প্রতি এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনসাধারণের মধ্যকার আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

এসময় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমানসহ বিজিবির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্ত রক্ষার পাশাপাশি আগামীতেও শীতার্তদের পাশে থাকার আশ্বাস দেন বিজিবি কর্মকর্তারা।

এই বিভাগের আরও সংবাদ