চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ প্রাইভেট কারে অভিনব কৌশলে বহনকালে ৩২ কেজি ৭৪০ গ্রাম অবৈধ মাদক গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ।

আটককৃত ব্যক্তি হলেন আহাম্মদ আলী (২৬)। তিনি হবিগঞ্জ জেলার সদর থানার উসাইল গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।

র‍্যাব-৫ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় (চৌরাস্তা) এলাকায় খায়রুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায় র‍্যাব-৫, সিপিসি-১ এর আভিযানিক দল। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-৫ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দুইজন ব্যক্তি হবিগঞ্জ জেলা থেকে প্রাইভেট কারযোগে চাঁপাইনবাবগঞ্জে গাঁজা বিক্রির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই তথ্যের ভিত্তিতেই চেকপোস্ট স্থাপন করা হয়। তবে অভিযানের সময় একজন মাদক কারবারিকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত আসামির কাছ থেকে উদ্ধার করা গাঁজা ও ব্যবহৃত প্রাইভেট কার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ