বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু


আরফান আলী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্য হাতির ভিডিও ধারণ করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪০)। তিনি ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীবরদী উপজেলার বালিজুরী ইউনিয়নের সীমান্তবর্তী মালাকোচা বিটের সোনাঝুরী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বালিজুরী এলাকায় বন্যহাতির একটি দল অবস্থান করছিল। হাতিগুলো দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে ভিড় করতে শুরু করে। সোমবার বিকেলেও বেশ কয়েকজন পাহাড়ি এলাকায় হাতি দেখতে যান। এ সময় ফারুক হোসেন হাতির খুব কাছাকাছি গিয়ে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে একটি হাতি তাকে আক্রমণ করে পায়ে পিষ্ট করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফারুক হোসেনের ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে দেখা গেছে, তিনি নিয়মিত বন্যহাতির ভিডিও তৈরি ও শেয়ার করতেন।
এ বিষয়ে বালিজুরী রেঞ্জের বন কর্মকর্তা সুমন মিয়া জানান, পাহাড়ি এলাকায় হাতির ভিডিও করতে গিয়ে একজন ব্যক্তি হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন।
এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আপাতত সীমান্ত সড়ক দিয়ে চলাচলে মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।



