শেরপুর

শেরপুরে এনসিপির মনোনয়ন পেলেন লিখন মিয়া ও খোকন চন্দ্র বর্মণ

আরফান আলী, শেরপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। ঘোষিত তালিকায় ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও নতুন মুখের প্রাধান্য দেখা গেছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, শেরপুর-১ আসনে (সদর) এনসিপির মনোনয়ন পেয়েছেন শেরপুর জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। জুলাই গণ–অভ্যুত্থানের শুরু থেকেই তিনি তরুণদের নিয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

অন্যদিকে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে দলের মনোনয়ন পেয়েছেন জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত খোকন চন্দ্র বর্মণ। তিনি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য। বর্তমানে মুখের চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন। দ্রুত দেশে ফেরার প্রত্যাশা রয়েছে।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মণ। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিতে তাঁর মুখের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি নিজে মোবাইল আনলক করে পরিবারের সদস্যদের গুলিবিদ্ধ হওয়ার খবর পৌঁছে দেন।

দুই আসনে তরুণ নেতৃত্বের এই মনোনয়ন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ