কটিয়াদীতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, অভিভাবকদের ক্ষোভ!


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন—এই তিন দফা দাবিতে কটিয়াদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্ম বিরতি এবং আজ থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করেছেন।
বার্ষিক পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এই কর্মবিরতি শুরু হওয়ায় হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।কটিয়াদী উপজেলার একজন শিক্ষক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সরকারের আশ্বাসে আমরা আস্থা রেখেছিলাম। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় আমরা হতাশ।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাব এবং বার্ষিক পরীক্ষা বর্জন করব।”হঠাৎ করে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা চরম উদ্বেগে পড়েছেন। কটিয়াদী পৌরসভার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর এক অভিভাবক বলেন, “বাচ্চারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
আজ বাচ্চাকে নিয়ে স্কুলে এসে জানলাম স্যারদের কর্মবিরতি, পরীক্ষা হবে না। এখন পরীক্ষা বন্ধ হওয়ায় ওদের পড়ালেখায় অনেক ক্ষতি হচ্ছে। শিক্ষকরা জানান, এর আগে সরকার পক্ষ থেকে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ ও অন্যান্য জটিলতা নিরসনের আশ্বাস দেওয়া হয়েছিল, যার ভিত্তিতে শিক্ষকরা কর্মসূচি স্থগিত করেন। কিন্তু সেই আশ্বাস অনুযায়ী ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি না হওয়ায় এবং অন্যান্য দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষকরা বাধ্য হয়ে আবার কর্মবিরতিতে ফিরেছেন।
কর্মবিরতি চলতে থাকলে বার্ষিক পরীক্ষা স্থগিতের পাশাপাশি পুরো শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।



