চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৪ মাদক কারবারি আটক

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর পৃথক দুই অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতের পৃথক টহল অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‍্যাব-৫ জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ৬ নম্বর মহারাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ বালু বাগান এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা রাত ৮টা ৩০ মিনিটে জনৈক জামাল উদ্দিনের পরিত্যক্ত জমিতে অভিযানে গেলে মো. শাহিন (৩৮) ও কবির (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৮০ গ্রাম গাঁজা ও ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই রাতে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় সদর থানার ভাগ্যবানপুর গাইনপাড়া ঈদগাহ মাঠের পূর্ব পাশের আমবাগানে। রাত ১০টা ৩০ মিনিটে মাদক কারবারী মো. মমিন আলী (৪২) ও মো. আবু হায়াতকে (৬২) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব জানায়, মাদকবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার চারজনকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ