শেরপুর

শেরপুরে পাহাড়ি জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আরফান আলী, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীর গজনী রুটে পাহাড়ি জঙ্গল থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের রাংটিয়া-গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিন দিন আগে ওই নারীকে হত্যার পর মরদেহ গুম করার জন্য এখানে ফেলে রেখে যায় বলে ধারণা পুলিশের। ময়নাতদন্তের পরে হত্যার প্রকৃত কারণ জানা যাবে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী রাংটিয়া-গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা নামক স্থানে এক নারীর অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ সকাল দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মরদেহের সঙ্গে একটি বাটন মোবাইল, দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে।

লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বিভাগের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন।

ওসি মো. আল আমিন বলেন, ‘‘নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। ঘটনার রহস্য উদঘাটন ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

এই বিভাগের আরও সংবাদ