১২ বছর পর বড় ভাই হত্যা মামলার রায়: ছোট ভাইয়ের যাবজ্জীবন


আরফান আলী, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই মো. ইয়াকুব আলী (৫৫)–কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে শেরপুর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।
সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ জামগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বড় ভাই হাতেম আলীর সঙ্গে ছোট ভাই ইয়াকুব আলীর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি দা দিয়ে বড় ভাইয়ের ঘাড়ে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় হাতেম আলীকে প্রথমে শেরপুর জেলা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৩১ মার্চ মারা যান।
ঘটনার পর নিহতের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত ও বিচারিকপ্রক্রিয়ায় মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে দীর্ঘ ১২ বছর পর এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্তকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।



