শেরপুর

শ্রীবরদীতে শিক্ষকের বদলি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস পরীক্ষা বর্জন

আরফান, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে। রবিবার বেলা ১০টার দিকে কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীবরদী উপজেলা পরিষদে যায় এবং সেখানে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি জমা দেয়।

পরে মিছিলটি পুনরায় কলেজ ক্যাম্পাসে ফিরে এসে শেষ হয়। শিক্ষার্থীরা বলেন, রিফাত আহমেদ একজন নিষ্ঠাবান, ছাত্রবান্ধব ও নিয়মিত ক্লাস নেওয়া আদর্শ শিক্ষক। তার হঠাৎ বদলির সিদ্ধান্ত শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।

এ বিষয়ে সহকারী অধ্যাপক রিফাত আহমেদ বলেন, “আমার প্রতি প্রাণপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষজনের ভালোবাসা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন আলহামদুলিল্লাহ। আমি চাই শিক্ষার্থীরা দ্রুত পড়ায় ফিরুক। তাদের একটা ঘণ্টা, একটা দিন অনেক মূল্যবান। আমি তাদের পড়াশোনার একটা মিনিটের ক্ষতিও মেনে নিতে পারি না। আমি সর্বশক্তিমান আল্লাহ তায়ালার যেকোনো ফয়সালাকে আমার জন্য কল্যাণকর মনে করি এবং তা মেনে নিতে সদা প্রস্তুত ইনশাআল্লাহ।”

এদিকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, বদলি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

উল্লেখ্য যে ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রিফাত আহমেদকে শ্রীবরদী সরকারি কলেজ থেকে শেরপুর সরকারি মহিলা কলেজে বদলির আদেশ দেন।

এই বিভাগের আরও সংবাদ