শেরপুর

ইমামের নির্দেশে সুদের টাকা আদায়ে কৃষকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, গ্রেফতার ৪

আরফান আলী, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় স্থানীয় এক মসজিদের ইমাম তার লোকজন দিয়ে এক কৃষকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (৮ অক্টোবর) উপজেলার জামিরাকান্দা গ্রামে। এ ঘটনায় ওই গ্রামের সোহেল মিয়ার স্ত্রী রিতা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—জামিরাকান্দা গ্রামের আমানউল্লাহ মুন্সির স্ত্রী সুফিয়া বেগম, মকবুল হোসনের দুই ছেলে বাবুল মিয়া ও নয়ন মিয়া এবং খাদিজা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিতা বেগম পার্শ্ববর্তী পাঁচগাঁও জামে মসজিদের খতিব (ইমাম) আমানউল্লাহ মুন্সির কাছ থেকে ১০% মাসিক সুদে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তিনি নিয়মিত সুদ পরিশোধ করলেও সম্প্রতি কিছু অর্থ বাকি পড়ে যায়। রিতা বেগম কিছুদিন আগে আসলের ৫০ হাজার টাকা পরিশোধ করলেও ইমাম আমানউল্লাহ বাকি ৮০ হাজার টাকা ও মাসে ১০ হাজার টাকা সুদ দাবি করে আসছিলেন।

রিতা বেগম ঢাকায় গিয়ে টাকা জোগাড়ের চেষ্টা করছিলেন—এ সুযোগে ইমাম আমানউল্লাহ মুন্সি ও তার সহযোগীরা বুধবার তার বসতবাড়িতে হামলা চালায়। তারা শ্রমিক ভাড়া করে ঘরের টিন, কাঠ, খুঁটি, নলকূপ, গোসলখানা, রান্নাঘর, এমনকি মেঝের ইট পর্যন্ত খুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন রিতা বেগম।

খবর পেয়ে রিতা ৯৯৯-এ ফোন করে পুলিশে অভিযোগ জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

স্থানীয়রা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “ঘটনার পরপরই চারজনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

এই বিভাগের আরও সংবাদ