শেরপুর

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

আরফান আলী, শেরপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত শেরপুর জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সম্পাদক ও সংগঠনের চিহ্নিত ক্যাডার হিসেবে পরিচিত রিফাত বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে শেরপুর সদর থানা পুলিশ তাকে শহরের শেরপুর সরকারি কলেজ এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রিফাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত অন্তত তিনটি হত্যা মামলার আসামি। তার বাবা রুস্তম আলী শেরপুর সরকারি কলেজের সাবেক কর্মচারী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মুর্শেদ জিতু জানান, আন্দোলন চলাকালীন গত ৩ ও ৪ আগস্ট রিফাত অস্ত্রসহ কলেজ প্রাঙ্গণে হামলা চালায় এবং অন্তত তিনজন আন্দোলনরত ছাত্রকে গুরুতর আহত করে। তিনি আরো বলেন, “রিফাত ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার, দীর্ঘদিন ধরে সে ছাত্রদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আসছে।”

এ বিষয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল ইসলাম বলেন, “রিফাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন করা হবে।”

এই বিভাগের আরও সংবাদ