শেরপুর সরকারি কলেজে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ অনুষ্ঠিত


আরফান আলী, শেরপুর:শেরপুর সরকারি কলেজে আয়োজন করা হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক মো. সবুজ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, গণিত বিভাগের বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী।
এছাড়া ছাত্রসংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসাইন, ছাত্রশিবিরের প্রতিনিধি গুলফাম শেখ রুবেল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রবিউল ইসলাম।
বক্তারা বলেন, “জুলাই চেতনা কোনো একটি ঘটনার সীমাবদ্ধ স্মৃতি নয় এটি একটি মূল্যবোধ, একটি আন্দোলন, একটি স্বপ্নের নাম। শিক্ষার্থীদের মাঝে সেই চেতনা ছড়িয়ে দিতেই এ আয়োজন।”
অনুষ্ঠানে ‘জুলাই আন্দোলনে’ আহত শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে প্রদর্শিত হয় জুলাই আন্দোলনের একটি প্রামাণ্যচিত্র।





