গাইবান্ধা
সাদুল্লাপুরে টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি বসতবাড়ির টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে শাকিব মিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাকিব মিয়া ওই গ্রামের শাহিন মিয়া ও মুক্তা বেগম দম্পতির ছেলে।
স্বজনরা বলছেন, শাহিন মিয়ার টিনের বেড়া ও চালার একটি ঘর অজান্তে হঠাৎ বিদ্যুতায়িত হয়। এরই মধ্যে ঘরটির পেছনে খেলছিল শাকিব মিয়া। এ সময় ঘরের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় শিশুটি।
এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, ওই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।



