গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মো. খালেক মিয়া (৩৫) নামে এক পান-সুপারি বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার নাকাইহাট বাজারসংলগ্ন গরুর হাটের সংযোগ সড়কের পাশে একটি বাগানে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত খালেক মিয়া হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি নাকাইহাট বাজারে দীর্ঘদিন ধরে পান-সুপারির ব্যবসা করতেন।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে খালেক মিয়া তার দোকানে যান। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে নাকাইহাট বাজারসংলগ্ন গরুর হাটের সংযোগ সড়কের পাশে একটি বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ ওই বাগানে ফেলে রাখা হয়েছে।



