ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের ৫ জন যাত্রী নিহত,আহত অন্তত ১০ জন


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের ১নারী যাত্রীসহ ৫ জন যাত্রী নিহত ও আহত হয়েছে অন্তত ১০ জন। আহতরা ঘোড়াঘাট হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পরই নাবিল পরিবহনের চালক ও হেলপার পালিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে দিনাজপুর – গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানা সূত্রে জানা গেছে, পূর্ব থেকেই ওই স্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি আম বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো -ন-২০-৮২৮৩) ও ১০ চাকার বালু বোঝাই ট্রাক যার নাম্বার (ঢাকা মেট্রো ট-১৫-২৮০) অকেজো হয়ে রাস্তা পার্শ্বে ছিল।
এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগামী নাবিল পরিবহন (ঢাকা মেট্রো- ব ১৪-৭২৭৭) ওই স্থানে পৌছিলে প্রথমে আম বোঝাই ট্রাকে স্ব-জোরে ধাক্কা দেয়, এরপর ১০ চাকার বালু বোঝাই ট্রাককের সাথে স্বজোরে ধাক্কা লেগে নাবিল পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে, পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নাবিল পরিবহনে থাকা ৩ জন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় আরও দুইজন যাত্রীকে উদ্বার করে ঘোড়াঘাট হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে হাকিমপুর- ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ বলেন নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।তবে আমরা নিহতদের পরিচয় জানতে চেষ্টা করছি। নিহতদের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





