নীলফামারী

নীলফামারীর শিক্ষার্থীদের স্বপ্নযাত্রায় NYN -এর নেতৃত্বে রেদওয়ান ও রিফাত

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া নীলফামারী সদর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “Network of Young Nilphamarian (NYN)”-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রেদওয়ান ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাত হাসান। উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

NYN দীর্ঘদিন ধরে নীলফামারী সদর উপজেলার শিক্ষার্থীদের একত্রিত করে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। সংগঠনটি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণ, বিভিন্ন সেমিনারসহ শিক্ষামূলক ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি রেদওয়ান ইসলাম এবং সাধারণ সম্পাদক রিফাত হাসানের নেতৃত্বে NYN আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সদস্যরা। তারা বিশ্বাস করেন, নতুন কমিটি নীলফামারীর শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি রেদওয়ান ইসলাম দায়িত্ব গ্রহণের পর বলেন, “Network of Young Nilphamarian (NYN) শুধু একটি সংগঠন নয়, এটি নীলফামারী সদর উপজেলার শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ তৈরি করা, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং নানাবিধ সৃজনশীল ও সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানো।”

তিনি আরও বলেন, “সিনিয়রদের দিকনির্দেশনা ও নতুনদের সহযোগিতায় আমরা NYN-কে আরও সুসংগঠিত ও কার্যকর করতে চাই। আগামীতেও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণ, কর্মশালা ও বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়ন করব। সবাই মিলে কাজ করলে আমরা নীলফামারীর শিক্ষার্থীদের জন্য আরও বড় কিছু করতে পারব।”

নবনির্বাচিত সভাপতি সকল সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের সফলতা ও অগ্রগতির জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ