নীলফামারী

শ্রমিকদের বেতন কমপক্ষে ২৫ হাজার টাকা করতে হবে : গোলাম রব্বানী

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: ‘শ্রমিকদের আদায় ফিরিয়ে আনতে হবে। শ্রমিকদের বেতন কমপক্ষে ২৫ হাজার টাকা করতে হবে। সকল বন্ধ কারখানাগুলোকে চালু করে দিতে হবে।’-এ মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চলা নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ভারতকে উদ্দেশ্য করে গোলাম রব্বানী বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে সম্মান করি, তবে শেখ হাসিনাকে লেলিয়ে দিয়ে ষড়যন্ত্র করবেন না, তা নাহলে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে সম্পর্ক রাখা সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছেন। ভারতকে বলছি দাদাগিরি করতে আসিয়েন না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এদেশের ১৮ কোটি মানুষ জীবন দিতে প্রস্তুত আছে।’

সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সেশনের জন্য নীলফামারী জেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। প্রভাষক মনিরুজ্জামান জুয়েলকে সভাপতি এবং এ্যাডঃ তৌহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।

এর আগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক আবুল হাসেম বাদল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম, সহকারি সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী প্রভাষক ছাদের হোসেন, ইসলামী ছাত্র শিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ।

এই বিভাগের আরও সংবাদ