শীর্ষ নিউজ

সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনি গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে গণমাধ্যমে এ তথ্য প্রকাশ পায়। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

গাইবান্ধা-২ সদর আসন থেকে নির্বাচিত হন মাহবুব আরা বেগম গিনি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা এখনও জানা যায়নি।

এর আগে, গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগে সাবেক এ এমপি মাহাবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দুটি মামলা করা হয়।

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক এমপি গিনিসহ ৯৭ জনকে আসামি করা হয়।

এছাড়াও আরেকটি হলো ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে জেলা বিএনপির দফতর সম্পাদক আবদুল হাই সরকার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিসহ ১১৪ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ