সুনামগঞ্জ

তাহিরপুরের গ্রামে গান-বাজনা নিষিদ্ধ করা হয়নি, গুজব বলছেন এলাকাবাসী

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের একটি গ্রামে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে বলে গুজব ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামে গেল শনিবার (১৭ আগষ্ট) রাতে গ্রামের সালিসী, মুরুব্বী, যুবক, শিক্ষার্থীদেরকে নিয়ে একটি বৈঠক হয়। গ্রামবাসীর উপস্থিতিতে হওয়া ওই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি ও গুজব ছড়ানো হয়েছে।

গ্রামের এক পক্ষ বলছে, বৈঠকে গ্রামে গানবাজনা নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। অপর পক্ষ বলছে গানবাজনা নয়, শুধু সাউন্ডবক্স বাজিয়ে রাতে অহেতুক উচ্চ শব্দে গান বাজানো নিষেধ করা হয়েছিল। কারন এতে গ্রামের মানুষজনের ঘুমের যেমন ব্যাঘাত ঘটছে, বয়স্ক নারী-পুরুষ উচ্চ শব্দের কারনে অস্বস্থির মুখে পড়েছেন, আবার শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগীতার মুখে বেশ ক্ষতি হয়ে যাচ্ছে। তাহিরপুর উপজেলা সদরের চিকসা গ্রামে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষজনও সম্প্রীতি বাঁধনে মিলেমিশে বসবাস করে আসছেন যুগের পর যুগ ধরে। চিকসা গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার সাথে কথা বলে জানা গেছে, গ্রামে কোনো বিয়ের অনুষ্ঠানের দুই-তিন দিন আগে থেকে সাউন্ডবক্স এনে উচ্চ শব্দে গান বাজানো হয়। এতে বয়স্ক লোকজন, রোগী, শিক্ষার্থীদের অসুবিধা হয়। স্থানীয় মানুষজন বিষয়টিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন।

তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম গেল শনিবার গ্রামবাসীর বৈঠকে সভাপতিত্ব করেন। শফিকুল ইসলাম আরো বলেন, গ্রামে গানবাজনা নিষিদ্ধ করা হয়নি, এসব অপপ্রচার করে বিভ্রান্তি ও গুজব ছড়ানোর অপচেষ্টা করছে একটি বিশেষ মহল। গ্রামের কোনো বিয়ের অনুষ্ঠানের আয়োজন হলেই দুই-তিন আগে থেকেই সাউন্ডবক্স নিয়ে এসে উচ্চ শব্দে গান বাজানো শুরু হয়। অতিষ্ঠ গ্রামবাসীর পক্ষ থেকে বিষয়টি মাসখানেক আগে থানা পুলিশকেও জানানো হয়েছে। গ্রামে ওরস, মাহফিল, বিশেষ বিশেষ দিনগুলোতে গানের আয়োজন বা সনাতন ধর্মের লোকজনের অনুষ্ঠানে হবে, এতে কোনো বাধা দেয়ার মত আলোচনাই বৈঠকে হয়নি। পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির তাহিরপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য আহমেদ আরিফ বললেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, উপজেলার চিকসা গ্রামে গানবাজনা নিষিদ্ধ করার তথ্যটি সঠিক নয়, এটি স্রেফ গুজব।

তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, গেল শনিবার রাতে চিকসা গ্রামে গ্রামবাসীর বৈঠকে গানবাজনা নিষিদ্ধ করার মতো কোনো রকম সিদ্ধান্ত হয়নি। মূলত গ্রামবাসী সাউন্ড বক্সের অতি উচ্চ শব্দের ব্যবহার বন্ধের সিদ্ধান্তের বিষয়টি আমাকে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ