বিলুপ্তপ্রায় ফল নিয়ে ব্যাতিক্রমী উৎসব


ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ এক সময় বাংলাদেশের আনাচে কানাচে, বনে জঙ্গলে, বাড়ির আঙ্গিনা, আড়াগোড়া, পুকুর পাড়ে নানা প্রজাতির ফল হতো। পথে পান্তরে দেখা মেলত ছাগলনাদি, ডেউয়া, ডেফল, চাম্বল, তিতিজাম, চুকুর, ডুমুর, করমচা, টিপফল সহ নানা বাহারি ধরনের ফল। কালের বির্বতনে বন জঙ্গল আড়াগোড়া ধ্বংস হওয়ায় এসব ফল আজ বিলুপ্তির পথে।
প্রকৃতি মানুষের শরীরের ঋতুভিত্তিক প্রয়োজন মেটাতে এসব ফল উপহার দিয়েছিল। এক সময় মানুষের খাদ্য তালিকায়ও থাকতো পুষ্টিগুন সমৃদ্ধ এসব ফল। হারিয়ে যাওয়া বিলুপ্তপ্রায় এসব ফলকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে পরিচয় করিয়ে দিতে এবং সংরক্ষনে উদোগী করতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উইজডম ভ্যালি স্কুল এক ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। বিলুপ্তপ্রায় দেশীয় ফল নিয়ে আজ ১৩ জুন বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে এক প্রদর্শনীর আয়োজন করে।
স্কুল প্রাঙ্গনে গিয়ে দেখা যায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষের জন্য সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে বিল্প্তুপ্রায় অর্ধশতাধিক দেশীয় ফলের ডালা। দেশীয় এসব ফলের প্রদর্শনীতে উৎসবমুখর হয়ে উঠেছে স্কুল প্রাঙ্গন। শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেরাও ওইসব ফলের সাথে পরিচয় হচ্ছেন এবং আগত দর্শনার্থীদেরও পরিচয় করে দিচ্ছেন।
বিলুপ্ত ফলের সঙ্গে পরিচয় হতে পেরে বেশ উচ্ছ্াস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অনেক ফল আমরা শুধু পাঠ্য পুস্তকেই দেখেছি। কিন্তু সরাসরি দেখার সুযোগ হয়নি। আজকের উৎসবের মাধ্যমে এসব ফল আমরা দেখতে পারছি ও এর স্বাদ ও নিতে পারছি। আমাদের খুবই ভালো লাগছে।
ছাগলনাদি, ডেউয়া, ডেফল, চাম্বল, তিতিজাম, চুকুর, ডুমুর, করমচা, টিপফল, ফসেদা, আলুবোখারা, গাব , কামরাঙ্গা, অরবরই সহ ৪০ প্রজাতির ফল স্থান পেয়েছিল প্রদর্শনীতে। প্রদর্শনীর উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, ঘাটাইল উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম খান আওয়াল, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক প্রমূখ। এছাড়াও ফল প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের অভিভাক ও দর্শনার্থীরা জানান, এমন একটি ব্যাতিক্রমী আয়োজনে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। এ ফল উৎসবের মধ্যদিয়ে নতুন প্রজন্ম বিলুপ্ত ফলের সঙ্গে পরিচয় হতে পেরেছে এবং এসব ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পেরেছে। তারা বিদ্যালয় কতৃপক্ষের এ আয়োজনকে ধন্যবাদ জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন বলেন, গত বছর থেকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে জানা এবং লালন করার মানসে বিলুপ্তপ্রায় ফলের প্রদর্শনী শুরু করা হয়েছে। যাতে করে নতুন প্রজন্ম এসব ফলের পুষ্টিগুন সম্পর্কে ধারনা লাভ করে এবং বিলুপ্তপ্রায় ফল গাছগুলো সংরক্ষনে উদ্যোগী হয়। পাশাপাশি এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের সরাসরি বিলুপ্তপ্রায় ফলের সঙ্গে পরিচিত করানো।





