কলাপাড়ায় জিএনবি’র নিরাপদ খাবার পানি পরিশোধন প্ল্যান্ট উদ্বোধন


মাইনুদ্দিন আল আতিক, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে একটি পরিশোধন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ মে) উপজেলার মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর বাইতুন নূর জামে মসজিদের পাশে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) কলাপাড়া সিডিপি’র উদ্যোগে স্থাপিত এ পরিশোধন প্ল্যান্টটি উদ্বোধন করা হয়।
পরিশোধন প্ল্যান্টটির আওতায় ৭ টি পানি সংগ্রহের স্থান থেকে নিরাপদ ও সুপেয় পানি পাবে সুবিধাভোগী প্রায় দেড় হাজার মানুষ, যারা আগে বিভিন্নভাবে পানির সংকটে ভুগছিলেন। প্লান্টটি উদ্বোধন শেষে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে সুবিধাভোগীদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করে সংস্থাটি।
এসময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে ও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ইউপি চেয়ারম্যান মোঃ ফজলু গাজী, গুড নেইবারস বাংলাদেশ-এর এন অ্যান্ড ই ডাইরেক্টর আনন্দ কুমার দাশ, অ্যাডুকেশন এণ্ড হেলথ ইউনিট প্রধান রাজিয়া সুলতানা, সিনিয়র অফিসার জোসেফ সিদ্দিকী সিয়াফ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সেলিম, মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন, মহিপুর থানার ওসি (তদন্ত) মোঃ আসলাম খান প্রমুখ।
এ বিষয়ে সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি গ্রহণ করছি।’





