পাড়াপড়শি মিলে সবে, চল মাতি পিঠা উৎসবে


এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: বাংলার সংস্কৃতি বৈচিত্র্যময়। বাঙালির ঐতিহ্যবাহী খাদ্য তালিকায় পিঠা এক অনন্য নাম। পিঠা আবহমান বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তাই তো শীতকালে জমে ওঠে পিঠাপুলির আয়োজন। টক, ঝাল ও মিষ্টি নানা পদের মুখরোচক এসব পিঠার নাম শুনলেই জিভে কার না পানি আসে! বাঙালি সংস্কৃতিতে অতিথি আপ্যায়নে আজও পিঠার প্রচলন দেখা যায়, তবে তা ঘরে ঘরে।
সারা বছর পিঠার প্রচলন থাকলেও কৃষকের ঘরে যখন নতুন আমন ধান ওঠে তখন পিঠা, পায়েসের আয়োজন যেন বেড়ে যায় কয়েকগুন। তবে শীতের সঙ্গে পিঠার সম্পর্ক নিবিড়। শীতের মিষ্টি রোদের উষ্ণতা নেয়ার সঙ্গে মজার সব পিঠা খাওয়ার আনন্দই যেন আলাদা। আর হরেকরকম পিঠা তৈরী করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা যদি মেলার আয়োজন করে তখন তা পরিণত হয় এক অন্যরকম উৎসবে। ঠিক তেমনই এক ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্র। যার সহযোগিতায় রয়েছে হিউম্যান সার্ভিস, সুন্দরগঞ্জ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার বিকেল থেকে রাত অবধি ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ আ. মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে গ্রাম বাংলার ঐতিহ্য মনে করিয়ে দিতেই করা হয় এ পিঠা উৎসব। তরুণ-তরুণীরা রাতভর তৈরি করে হৃদয়হরণ পিঠা, লাভ পিঠা, পরিবন্ধন পিঠা, প্রেম সোহাগি পিঠা, পানতুয়া পিঠা, নকশী পিঠা, ক্ষীরে ভরা পাটিসাপটা পিঠা, তেলে ভাজা পিঠা, তাল পিঠা, পুলি পিঠা, নারিকেল পিঠা, মাংস পিঠা, দুধপুলি পিঠা, দুধ সুজি পিঠা, ঝাল পিঠা, জামাই পিঠা, সিমফুল পিঠা, বেনী পিঠা, পান পিঠা, চেইছ পিঠা, কুলফি পিঠা, গাজর পিঠা, বাংলা ৫ সদৃশ পাঁচ পিঠা, কাউন পিঠা, তুলতুলি পিঠা ও নোনাস পিঠাসহ হরেকরকম সব পিঠা।
নানান রঙের পোশাকে সেজেগুজে তৈরি পিঠা নিয়ে পসরা সাজিয়ে বসেছেন তরুণ-তরুণীরা। গাঁয়ের পিঠা, পিঠার দোকানি, রসের পিঠা, হাউসের পিঠা, মহাজনের গদিঘর, রেড সান ফাউন্ডেশন, এফ এফ রুফটপসহ নানান নাম দিয়েছেন তাদের স্টলগুলোর। প্রকারভেদে প্রতিটি পিঠার দাম হাকাচ্ছেন তারা ১০ টাকা থেকে ৫০ টাকা। বিকেল থেকেই বেশ ভিড় জমিয়েছেন শিক্ষার্থীসহ নানান বয়সী নর-নারীরা। কিনছেন পিঠা আর স্বাদ মিটাচ্ছেন রসনার।
পিঠা উৎসবে আগতরা বলছেন, এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজককে ধন্যবাদ। তারা বলেন, পিঠা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। এটি বাঙ্গালি সাংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সংস্কৃতির এমন ধারা যেন অব্যাহত থাকে এমন প্রত্যাশা তাদের।
যার সৌজন্যে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে তিনি হলেন প্রকৌশলী রুবেল। তিনি বলেন, দিনদিন আবহমান বাংলার সংস্কৃতিগুলো যেন হারিয়ে যাচ্ছে। আর তা মনে করিয়ে দিতেই এ পিঠা উৎসব।





