জাতীয়

জননিরাপত্তায় ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা, মানুষের নিরাপত্তা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্যরা। সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দেশের নয়টি জেলায় মোট ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন, শরীয়তপুরে ৪ প্লাটুন, সাতক্ষীরায় ২ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করছেন।

এই বিভাগের আরও সংবাদ

নিয়মিত টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি। সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম চলছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, শৃঙ্খলা, দ্রুত সাড়া প্রদান এবং জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এই নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ