লক্ষ্মীপুর

নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে নেশার জন্য টাকা না দেওয়ায় মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে কাউছার হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের আব্দুল গণি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার ও ঘাতক ছেলেকে আটক করে। নিহত কিরণ বেগম একই এলাকার কৃষক আবুল খায়েরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাতক কাউছার মাদকসেবী। মাদক থেকে ফিরে আসতে তাকে রিহাবেও রাখা হয়েছিল। কিন্তু তিনি ভালো হননি। কোনো কাজকর্মও করতেন না। মাদকের টাকার জন্য প্রায়ই তার মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করতেন। ঘটনার সময়ও মাদকের টাকার জন্য কাউছার তার মা কিরণ বেগমের সঙ্গে ঝগড়া করেন।

এই বিভাগের আরও সংবাদ

এক পর্যায়ে কাউছার তার মাকে ক্ষীপ্ত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলো না। পরে কাউছার বাড়ির সামনের রাস্তায় গিয়ে চিৎকার দিয়ে সবাইকে বলেন, তার মাকে কে বা কারা কুপিয়ে ফেলে রেখে গেছে। সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিক তাকে আটক করে এলাকাবাসী। পরে ঘরে গিয়ে কিরণ বেগমকে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এই বিভাগের আরও সংবাদ