৬০ দিন জামাতে নামাজ, মধ্য করপাড়ায় সাইকেল পেল বিজয়ীরা


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক: শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায়ে উৎসাহিত করতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য করপাড়ায় ৬০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায়কারীদের মাঝে সাইকেল পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্য করপাড়া আদর্শ গ্রাম উন্নয়ন সংগঠনের কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৬০ দিন নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায়কারী বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায়ে অভ্যস্ত করা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি তাদের আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি আহসান হাবিব সপ্তু, আদর্শ গ্রাম উন্নয়ন সংগঠনের পৃষ্ঠপোষক আহসান উল্লাহ দেওয়ান বাদশাহ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজু পাটওয়ারী, মাওলানা তাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসিম আলী সিদ্দিকী এবং ৮ নম্বর মধ্য করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক এলাহি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ তারেক খান।
এ সময় আদর্শ গ্রাম উন্নয়ন সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



