ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাওয়ার্ড পেয়ে খুশি বংশীবাদক শেখ সোলায়মান


মো. নূর আলম গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান ইউনিট হতে টাঙ্গাইলের গোপালপুরের হাজীপুর গ্রামের বংশীবাদক শেখ সোলায়মানকে “দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩” প্রদান করা হয়েছে।
শনিবার (২রা ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইসিএএলডিআরসি, ভাষা বিজ্ঞান ইউনিটের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবু নাঈম শেখ।
এসময় বংশীবাদক শেখ সোলায়মানকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ডলি জহুর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিএএলডিআরসি’র উপদেষ্টা (ইউএসএ) অধ্যাপক নাছের ইউ আহমেদ, আইসিএএলডিআরসি’র সাধারণ সম্পাদক প্রফেসর লুৎফর রহমান জয়, জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম শাহনেওয়াজ, অধ্যাপক লুৎফর রহমান জয় প্রমূখ।
আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর ১২টি বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত হয়ে কাজ করে আসছে।
শেখ সোলায়মান বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই, শ্রোতাদের ভালোবাসা আমাকে এতদূর নিয়ে এসেছে, শ্রোতাদের ভালবাসায় আমি সফল। সুর আমাকে গ্রামের মেঠোপথ থেকে ইট পাথরের শহরে নগরে আপনাদের মাঝে নিয়ে এসেছে।





