পটুয়াখালী

রাঙ্গাবালীতে বিএনপি অফিসে হামলা নিজেদের কোন্দলে: আওয়ামী লীগ

রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামলা-ভাঙচুরের ঘটনার দায় অস্বীকার করেছে স্থানীয় আওয়ামী লীগ। তাদের দাবি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে ওই ঘটনা ঘটেছে।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

এর আগে শুক্রবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বাহেরচর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপির পক্ষ থেকে এ ঘটনার দায় দেওয়া হয় যুবলীগ ও ছাত্রলীগকে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপির নিজেদের মধ্যে কোন্দলের কারণে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু তারা এখন যুবলীগ-ছাত্রলীগের ওপর এই দায় দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে লিখিত এই বক্তব্য পাঠ করেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন খলিফা, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক রিয়াদ প্রমুখ।

এদিকে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, আমাদের দলের মধ্যে কোনো অভ্যন্তরীণ কোন্দল নেই।

এই বিভাগের আরও সংবাদ