মাগুরা

মহম্মদপুরে রাড়িখালী হাইস্কুলে সভাপতির আক্রোশে প্রধান শিক্ষককে বরখাস্তের অভিযোগ

মতিন রহমান, মাগুরা জেলা প্রতিনিধি: সম্প্রতি মাগুরার মহম্মদপুরের রাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাতে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গেলো ২৫ সেপ্টেম্বর সভাপতি আব্দুস সালাম সর্দার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উল্লেখ করে তাকে বরখাস্ত করেন।

অভিযোগে বলা হয়, অনিয়ম করে আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক পদে চাকরি করে আসছেন যা বিধিসম্মত নয়, এছাড়া দেশের জাতীয় প্রোগ্রাম স্কুলে পালন করা হয়না। এভাবে বিগত দিনের কিছু অভিযোগ তুলে সভাপতি আব্দুস সালাম প্রধান শিক্ষককে বরখাস্তের কথা জানান।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে সভাপতির এমন অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন বরখাস্তকৃত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

প্রধানশিক্ষক অভিযোগ করেন- সভাপতি এবং তার বাড়ি একই এলাকায় হওয়ায় ব্যক্তিগত আক্রোশে শারীরিক ও মানষিক নির্যাতন সহ বিভিন্নভাবে মামলা দিয়ে হেনস্তা করে আসছে সভাপতি। একইসঙ্গে স্কুলের কর্মচারি পদে চারটি নিয়োগে টাকার বিনিময়ে তার পছন্দের প্রার্থী নিতে আপত্তি তোলা এবং ওই স্কুলের সীমানায় ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়ার টাকা ফান্ডে না দিয়ে সভাপতি নিজের পকেট ভারি করতে চাপ প্রয়োগ করে, স্কুল ফান্ডের টাকাপয়সা আত্মসাৎ করা সহ বিভিন্ন অপকর্মে সহযোগিতা না করায় ক্ষিপ্ত হয়ে তাকে বরখাস্ত করা হয় বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

তথ্যানুসন্ধানে জানা যায়, সভাপতি এবং প্রধান শিক্ষকের বাড়ি একই এলাকায়। স্থানীয় রাজনীতি সহ অতীতে বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এমনকি তাকে শারিরীক ও মানুষিকভাবেও হেনস্তা করার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে কয়েক বছর আগে দুজনের মধ্যে আপোষনামা করে সুরাহা করেন তৎকালীন মাগুরা জেলা শিক্ষা অফিসার সহ অন্যান্যরা। এবার সভাপতির নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন অসৎ কাজে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গঠন করেছেন। তাকে দিয়ে স্থগিত হওয়া দুটি পদের নিয়োগ সভাপতি সহজেই পরবর্তীতে সম্পন্ন করতে পারবেন বলে অভিযোগ পাওয়া যায়।

এলাকাবাসী জানায়, সভাপতি আর প্রধান শিক্ষকের এই দ্বন্দ্বের জেরে প্রতিষ্ঠানের শিক্ষার মান ক্ষুন্ন হচ্ছে। সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুতই সুরাহা চান এলাকার সচেতন মহল। কমিটির সদস্যরা ও সদ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর বিশ্বাস বলেন স্কুলের যাবতীয় বিষয়গুলো সভাপতি এবং প্রধান শিক্ষকের মাধ্যমেই সম্পন্ন হতো।

অভিযোগের বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল এই প্রতিবেদককে জানান, রাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের সভাপতির অভিযোগের অনুলিপি অফিসে এসেছে। শিগগিরই এবিষয়ে তদন্ত হবে এবং সভাপতি ও প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার পরে সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ