পটুয়াখালী
পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, আশ্রয়ে সহস্রাধিক ট্রলার


উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে। কুয়াকাটা-কলাপাড়া এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।
উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
সেই সঙ্গে সাগরে অবস্থানরত মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, সাগর উত্তাল থাকায় মঙ্গলবার সকাল পর্যন্ত মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে সহস্রাধিক মাছধরা ট্রলার আশ্রয় নিয়েছে। সোমবার বিকাল থেকেই উপকূলে আসতে থাকে ট্রলারগুলো।



