পটুয়াখালী

নিম্নচাপের প্রভাব রাঙ্গাবালীর ছয় গ্রাম প্লাবিত, নিচু এলাকায় জোয়ারের পানি

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী, পটুয়াখালী প্রতিনিধি :বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নদ-নদীগুলোতে জোয়ারের পানি অন্তত তিন ফুট বেড়েছে। এতে প্লাবিত হয়েছে উপজেলার ছয়টি গ্রাম, প্লাবিত হয়েছে উপজেলার অনেক নিচু এলাকা।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরের জোয়ারে পানি ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বাজার, গরুভাঙা, চিনাবুনিয়া, মধ্য চালিতাবুনিয়া, চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা ও ছোটবাইশদিয়া ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন গ্রাম প্লাবিত হয়। এছাড়া অনেক গ্রামের নিচু এলাকা প্লাবিত হওয়ায় সেখানকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

এদিকে আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম- উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।এতে আরও বলা হয়, পায়রাসহ চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যার কারণে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা, ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ