মাগুরা

মাগুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, মাদ্রাসা ছাত্র নিহত

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চরঝামা গ্রামে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর হাসিব মুন্সি (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) রাত দশটার এ ঘটনা ঘটে। নিহত হাসিব পলাশবাড়িয়া ঝামা বরকাতুল উলূম ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। সে ওই এলাকার মৃত শায়েখ মুন্সীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চরঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বল খেলা নিয়ে দর্শকদের দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনই ইটপাটকেল, ছুরি, চাপাতি রামদা সহ ঢাল-সরকি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন।

এই বিভাগের আরও সংবাদ

সংঘর্ষের পরে নিহত হাসিব মুন্সীকে চরঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সামনে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে পালিয়ে গেলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য ফরিদপুরের বোয়ালমারি হাসপাতালে নেওয়া পথে তাঁর মৃত্যু হয়।

নিহত হাসিবের বড় ভাই আমানত মুন্সী বলেন, খেলাধুলা বা জমিজমা নিয়ে কিংবা ওই দুই পক্ষের কারও সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। তবে তাঁর নিরপরাধ ভাইকে খুন করল কেন? এলাকাবাসী নিরপরাধ হাসিব হত্যাকারীদের গ্রেপ্তার করে ন্যায় বিচারের দাবি করেন।

এঘটনায় মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশরাফুল ইসলাম জানান, পূর্বের বিরোধ ও আজকের ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে। হত্যার ঘটনায় দোষিদেরকে আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ