তিন বছর পর ক্যামেরার সামনে শখ


দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় ‘ফাটাফাটি প্রেম’ নামক নাটক দিয়ে অভিনয়ে ফিরেছেন তিনি। আসছে ঈদের জন্য তৈরি এই নাটকে শখের বিপরীতে অভিনয় করেছেন জাহের আলভী। মা হওয়ার পর এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন এই অভিনেত্রী।
দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে শখ জানান, ‘অনেকদিন পর কাজে ফিরে বেশ ভালো লাগছে। সবাই আমাকে এত সুন্দর করে স্বাগতম জানাবে, ভাবতেই পারিনি। খুব সুন্দর একটা কমফোর্ট জোনে কাজ করছি। আমি আমার বেবিকে নিয়ে শুটিং করছি, বেবিকে সাথে নিয়ে এসেছি। চেষ্টা করবো এখন থেকে মনোযোগ দিয়ে নিয়মিত কাজ করার’।
এক সময় বিজ্ঞাপন আর নাটকের অভিনয়ে অনেক ব্যস্ত সময় পার করা এই অভিনেত্রী ২ ০১৮ সালের পর থেকেই হঠাৎ করে আড়ালে চলে যান। এরপর মাঝেমধ্যে টুকটাক কাজ করলেও সেভাবে দেখা মেলেনি তার। ২০২০ সালে অনেকটা গোপনেই বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেত্রী। এরপর থেকে তাকে ক্যামেরার সামনে আর দেখা যায়নি। গত বছর কন্যা সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী।



