ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে ছাই


মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ২৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ১২ কোটি টাকা।
জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজারে সোমবার রাতে বাজারের চুরি মহালের ব্যবসায়ীরা সারাদিন বেচা-কেনা শেষে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিটে একটি দোকান থেকে হঠাৎ আগুন লেগে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। কম জায়গায় বহু ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
এসময় বাজারের ব্যবসায়ীরা সেই আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে না আনতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়ার দুটি ফায়ার সার্ভিসের টিম এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ী আবু সিদ্দিক, মিলন মিয়া, মনোয়ার হোসেন, আব্দুল হালিম, নন্দন বাবু, মাসুদ মিয়া, সাহাব উদ্দিন, দুলাল মিয়া, ইমাম উদ্দিন, আবুল কাসেম, দুলাল বনিক, নন্দন, আব্দুর রহিম ও ইসলাম উদ্দিন সহ আরো অনেকের মোট ২৪টি দোকান আগুনে পুড়ে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম রূপক জানান, খরব শুনে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন। ভয়াবহ এ আগুনে ২৪টি দোকান পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০-১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুনে ১৫জন মালিকের কসমেটিক্স, প্ল্যাস্টিক ও মনোহারী দোকান পুড়ে যায়।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন বলেন, আগুনে ২৪/২৫ টি দোকান পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা যদি দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ে আবেদন করলে বিবেচনা করা হবে।



