টানা তিন দিন হাসপাতালে ভর্তি হয়নি ডেঙ্গুরোগী


এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টানা তিনদিন অর্থাৎ গত ৭২ ঘণ্টায় হাসপাতালে নতুন কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি। বর্তমানে সারাদেশের হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে রাজধানীতে ৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২ জন। চলতি মাসের ১৩ দিনে মাত্র ৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।
রোববার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) এমআইএস ডা. মো. জাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১৫৪ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন ও ১৩ মার্চ পর্যন্ত ৮ জন। এরই মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৪৮ জন।
এদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।



