জিয়াউর রহমান জনআস্থার প্রতীক’ : কেসিসি প্রশাসক মঞ্জু


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার সকালে নগর ভবনের নিচতলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশের জনমানুষের কাছে আস্থার প্রতীক। দেশের রাজনীতিতে তিনি এমন এক অবস্থান সৃষ্টি করে গেছেন, যা তাকে যুগ যুগ ধরে প্রাসঙ্গিক করে রাখবে এবং কল্যাণমুখী রাজনীতিতে অনুপ্রেরণা জোগাবে।”
তিনি বলেন, জীবদ্দশায় জিয়াউর রহমান সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে মানুষের কল্যাণে রাজনীতি করার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
জিয়াউর রহমানের খুলনা সফরের স্মৃতিচারণ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবীদের হাতে রাজনীতি তুলে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। তিনি সকল চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।
এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার প্রদানের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ প্রণোদনায় অনুপ্রাণিত হয়ে ঈদুল আজহার পর বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতাকর্মীরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক আব্দুল মান্নান।
বক্তারা বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, অর্থনৈতিক সংস্কার, কৃষি বিপ্লব, স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠনের উদ্যোগ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল খনন কর্মসূচি, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং উচ্চফলনশীল বীজ ব্যবহারের প্রসার তাঁর উল্লেখযোগ্য অবদান হিসেবে তুলে ধরা হয়।
তারা আরও বলেন, গ্রামভিত্তিক স্বনির্ভরতা, শিল্পায়নে বেসরকারি খাতের বিকাশ, নারীর ক্ষমতায়ন ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্বারোপের মাধ্যমে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর ও স্থায়ী প্রভাব রেখে গেছেন।
কেসিসি সচিব মো. রেজা রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি আব্দুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ এবং দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাশেমী।



