খেলাধুলা

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় টাইগাররা

ক্রিকেট অনুরাগীদের অপেক্ষার প্রহর শেষ। আজ রোববার, ১৭ অক্টোবর মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের লড়াই আজ স্কটল্যান্ডের বিপক্ষে। টাইগারদের মাঠের লড়াই শুরু রাত ৮টায়।

বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা। দুর্দান্ত ক্রিকেট লড়াইয়ে রোমাঞ্চ ছড়িয়ে প্রতিপক্ষ স্কটিশদের উড়িয়ে দিয়ে উচ্ছ্বাসের সাগরে ভাসতে চায় দেশের ক্রিকেটাররা।

বিশ্বকাপ দোরগোড়ায়। অথচ টাইগার ক্রিকেটাররা যেন বড়ই বিবর্ণ। অন্তত অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের ফল সেটাই বলছে। অবশ্য বাংলাদেশের প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল ওমান ‘এ’ দলের বিপক্ষে আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ দিয়ে। তাতে ৬০ রানের বড় জয়ই ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ।

জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দোর্দন্ড প্রতাপ দেখিয়ে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জেতা টাইগাররা যেন অচেনা হয়ে ছিল অফিসিয়াল দুই প্রস্তুতি ম্যাচে। শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারের পর আয়ারল্যান্ডের কাছে ৩৩ রানে হেরে লজ্জায় ডুবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে তার নেতৃত্বেই। আইপিএল শেষে স্কোয়াডে যোগ দিয়েছেন মুস্তাফিজ ও সাকিব। তাই পূর্ণ শক্তির দল নিয়ে ভালো খেলার প্রত্যাশায় এখন টাইগাররা।

তবে ছেড়ে কথা বলবে না প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশকে হারানোর জন্যরীতিমতো হুমকিই দিয়ে রেখেছেন স্কটিশ কোচ শেন বার্জার, ‘আমরা জানি, নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারব। সংক্ষিপ্ততম সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি, আমাদের সামর্থ্য আছে। যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে কোনো দলকে হারাতে পারি আমরা, তা বাংলাদেশ হোক বা ওমান ও পাপুয়া নিউগিনি।’

স্কটিশদের অভিজ্ঞ ক্রিকেটার আছে বেশ কজন। ব্যাটিং-বোলিংয়ে গভীরতাও অনেক। তাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে সাম্প্রতিক পারফরম্যান্স। গত ১০ দিনে সংযুক্ত আরব আমিরাতে চারটি ম্যাচ খেলে তারা জয় পেয়েছে সবকটিতেই। গত ৫ অক্টোবর তারা হারায় আয়ারল্যান্ডকে, যে দলের কাছে পরে প্রস্তুতি ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এরপর স্কটিশরা হারায় পিএনজি, নেদারল্যান্ডস ও নামিবিয়াকে। যে কারণে বাংলাদেশকে ওমান আর পাপুয়া নিউগিনির মতো দল হিসেবেই দেখছেন স্কটিশ ক্রিকেট গুরু বার্জার।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কটিশ কোচের কথার ডিপ্লোমেটিক জবাব দিয়েছেন মাহমুদউল্লাহ, ‘স্কটিশ কোচ কি বলেছেন তাতে আমি ভাবছি না। আমি আমাদের সামর্থ্য জানি। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে আমরা সেরকম হার্ড ক্রিকেট খেলব। আমরা বিনয়ী থাকতে চাই, সম্মান করি। তবে হার্ড ক্রিকেটও খেলব।’

হার্ড ক্রিকেটের ব্যাখ্যায় ক্যাপ্টেন মাহমুদউল্লাহ বলেন, ‘আমি একটা জিনিস বিশ্বাস করি। পাওয়ার হিটার বলতে গেইল, পোলার্ড, রাসেল পাওয়ার হিটার। কিন্তু কেন উইলিয়াসনকে পাওয়ার হিটার তো বলা যায় না। তিনি স্কিলড হিটার। আমরা নিজেদের স্কিলড হিটার মনে করছি। আমরা পাওয়ার হিটারের চেয়ে ভালো স্কিলড হিটার হতে পারি। এটা নিয়ে কথা বলেছি। আমাদের ওই জিনিসগুলো ঠিক হলে অবশ্যই ভাল কিছু সম্ভব।’

এই বিভাগের আরও সংবাদ