আমি আসলে কারো কাছেই ভোট চাইনি: পাপন


সবকিছু ঠিকঠাকই ছিলো। নির্বাচনের ফল, সভাপতি কে হবেন তাও ছিলো অনুমতি। হলোও সেটিই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে চতুর্থবারের মতো বসছেন নাজমুল হাসান পাপন। কিন্তু বিসিবির ‘নতুন’ সভাপতির দাবি, কারো কাছেই নিজের জন্য ভোট চাননি তিনি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপনের কাছে প্রশ্ন ছিলো তিনি কাউন্সিলরদের কাছে ভোট চেয়েছেন কিনা? জবাবে তিনি বলেন, আমি আসলে কারো কাছেই ভোট চাইনি। আমার হয়ে অন্য কেউ চাইতে পারে। কেউ কেউ এসএমএসও করেছেন। তবে আমি চাইনি। আমি দেখতে চেয়েছি আমার অবস্থানটা কেমন? বলতে পারেন পরীক্ষা করতে চেয়েছিলাম।
উল্লেখ্য, ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নিয়ে ৫৭ ভোটের মধ্যে বর্তমান বিসিবি প্রধান পেয়েছেন ৫৩ ভোট। আগের দুই দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া পাপন এবারই প্রথম সরাসরি ভোটে জিতে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলররা ভোটের মাধ্যমে মোট ২৩ জন পরিচালক নির্বাচন করেছেন, আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পেয়ে বোর্ড পরিচালক হয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। পরে মোট ২৫ জন পরিচালকের ভোটে বোর্ড সভাপতি নির্বাচিত হন পাপন।





