খুলনা

খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ পাঁচ সহযোগি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

খুলনা ব্যুরো : খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ পাঁচ সহযোগিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার দিনগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—- রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমরান, আইচগাতি এলাকার আনোয়ার খানের ছেলে ইমন খান, রাজাপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মো: আল আমিন, বাহাপুর এলাকার মো: রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম ও আইচগাতি এলাকার আব্দুল হালিম সিকদারের ছেলে হানিফ সিকদার।

গণমাধ্যমে পাঠানো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি’র) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি ৬ ও ২ এর সদস্যরা ঢাকার মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উল্লিখিত আসামিদের বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ডান হাত ও শুটার। তাদের বিরুদ্ধে খুলনার আদালত চত্বরে জোড়া খুন, রূপসার চাঞ্চল্যকর জয় ঢালী ও তার পিতা আক্তার ঢালী হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ